
শহর প্রতিনিধিঃ
পাবনার স্পেশাল জেলা ও দায়রা জজ আবু সালেহ মোঃ সালাহউদ্দিন খাঁ আজ (২৩.০৭.২০২৬ ইং) দুদকের পৃথক দুটি মামলায় ফুড কন্ট্রোলার অফিসের মোঃ মনিরুল ইসলাম সহকারী উপ-খাদ্য পরিদর্শক, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ সহ তিনজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড প্রদান করেন।
স্পেশাল ০৭/২০২৩ নং মামলার অভিযোগে বলা হয় আসামী মোঃ মনিরুল ইসলাম জ্ঞাত আয় বহির্ভূত ৫৪,৮০,০০০/- টাকা তার পিতার নামীয় জায়গায় বিল্ডিং নির্মাণে বিনিয়োগ করেন এবং আসামী মোঃ সহিদুল ইসলাম প্রামাণিক তার ছেলে আসামী মোঃ মনিরুল ইসলাম এর অবৈধ আয়কে বৈধ করণে সহযোগিতা করেন।
অপর স্পেশাল ১৩/২০২৩ নং মামলার অভিযোগ আসামী মোঃ মনিরুল ইসলাম দুর্নীতিমূলক কর্মকান্ডের মাধ্যমে অর্জিত ৬০,১০,০০০/- টাকা তার স্ত্রী মোছাঃ ডলি বেগম এর ব্যাংক হিসাবে জমা করতঃ পরবর্তীতে উক্ত টাকা হতে ৬০,০০,০০০/- টাকা তার স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট করেন।
উভয় মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালত পৃথক রায়ে আসামী মোঃ মনিরুল ইসলাম কে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় ০৫ (পাঁচ) বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫৪,৩০,০০০ টাকা ও ৬০,১০,০০০ টাকা অর্থদন্ড, আসামী মোঃ সহিদুল ইসলাম প্রামাণিক-কে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১)/দন্ডবিধির ১০৯ ধারায় ০৫ (পাঁচ) বছর সশ্রম কারাদন্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদন্ড এবং আসামী মোছাঃ ডলি বেগমকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১)/দন্ডবিধির ১০৯ ধারায় ০৫ (পাঁচ) বছর সশ্রম কারাদন্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
একই সাথে আসামীদের নামীয় মামলার সংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ প্রদান করেন আদালত।
Leave a Reply