
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ আবু সাঈদের স্মরণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ আবু সাঈদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিও কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (সাইফ), বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ বিষয়ক দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিক।দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (সাইফ) বলেন, আবু সাঈদ জুলাই বিপ্লবের একজন অগ্রসৈনিক ছিলেন। তাঁর শাহাদাতের মধ্য দিয়েই জুলাই বিপ্লব বাস্তব রূপ লাভ করে। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেন বিশ্বমানের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের বুকে আরও সুপরিচিত হয়ে উঠতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, শহীদ আবু সাঈদের স্মরণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শুধু শহীদদের স্মৃতিকে ধারণ করতেই নয়, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গঠনমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদী।
আয়োজকরা জানান, শহীদ আবু সাঈদের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সবুজায়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে শ্রদ্ধা ও স্মরণ নিবেদন করা হয়।
Leave a Reply