
শহর প্রতিনিধিঃ
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় গত ২ জুলাই বিকেল ৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দোগাছী ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকায় হাবুলের মাঠের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে একজন কে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ হাবিব উল্লাহ (৪২), সে পাবনা সদরের দক্ষিণ রামচন্দ্র পুরের মৃত আতিক উল্লাহ, এর ছেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনের ভেতরে রাখা ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ০৪ (চার) গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১২,০০০ (বারো হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা সদর থানার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য পাবনা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Leave a Reply